বছর ঘুরে আবারও আসছে পবিত্র ঈদুল আজহা। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের আতঙ্কে থমকে আছে পুরো দেশ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিটি মানুষের দৈনন্দিন জীবন।করোনাজনিত পরিস্থিতি বিবেচনায় খামারি ও ক্রেতাদের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে ডিজিটাল হাটের ব্যবস্থা করেছে দেশের অনেক ই-কমার্স প্রতিষ্ঠান। পাশাপাশি প্রথম বারের মতো সরকারও এগিয়ে এসেছে। দিন গড়াবার সঙ্গে সঙ্গে প্রতিদিনই এই হাটগুলোতে যুক্ত হচ্ছে কোরবানির পশু। এমন ৫টি হাটের কথা তুলে ধরা হলো প্রতিবেদনে।
ফুড ফর নেশন: সরকারি উদ্যোগে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে ডিজিটাল হাট স্থাপন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ‘ফুড ফর নেশন’ প্লাটফর্মের এই হাটে ঘরে বসেই গরুর ছবির পাশাপাশি ভিডিও এবং লাইভ ওজন জানার সুযোগ পাবেন আগ্রহীরা। ডিজিটাল হাটের জন্য সারা দেশ থেকে বিক্রেতা, খামারের মালিক ও সাধারণ পশু ব্যবসায়ীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে সোমবার থেকে। হাটের ঠিকানা:
https://foodfornation.gov.bd/qurbani2020
খামার-ই: ওয়েব অথবা ফেসবুক যেকোনো মাধ্যমে ঘরে বসেই কোরবানির পশু কিনতে পারবেন রাজধানী ঢাকাসহ ও বন্দর নগরী চট্টগ্রামের অধিবাসীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সদ্য পাস করা চারজন ইঞ্জিনিয়ার মিলে তৈরি করেছে ভার্চুয়াল হাট খামার-ই । করোনার সময়ে নিরাপদে ঘরে বসেই কোরবানির পশু কেনার সুবিধা দিতে এই প্লাটফর্মটি চালু করেছে তারা। বিস্তারিত:
https://khamar-e.co/
গরু হাট: একেবারে প্রান্তিক খামারিদের কাছ থেকে সংগ্রহ করা গরু ও ছাগল দিয়ে অনলাইন কোরবানি হাটে সাজিয়েছেন গরু হাট। প্রতিষ্ঠানটি থেকে কেউ কোরবানির পশু কিনলে সেটি বিনা খরচে বাড়ি পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। কেনার পর বাসায় নিয়ে যাওয়ার ঝক্কিও পোহাতে হবে না ক্রেতাকে। বিস্তারিত:
https://goruhaat.sobjibazaar.com/
দারাজ: এই সঙ্কটের মাঝে ঘরে বসে সামাজিক দূরত্ব অনুশীলনকালীন ভোক্তাদের কোরবানির পশু কেনাকাটার সুবিধার্থে আলিবাবা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘অনলাইন গরুর হাট’। দারাজ অ্যাপে কোরবানির গরু অর্ডার করা যাবে। বিস্তারিত:
daraz.com.bd
প্রিয়শপ ডটকম: প্রবাসীরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে পছন্দের পশু কিনে ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম পরিশোধ করলে বাংলাদেশে তাদের দেওয়া নির্ধারিত ঠিকানায় গরু পৌঁছে দিবে প্রিয়শপ। পাশাপাশি পশু কোরবানি করে বাসায় পৌঁছেও দেবে। বিস্তারিত:
https://priyoshop.com/eid-ul-adha